ডেটলাইন কলকাতা, ১১ মেঃ ১ জুন থেকেই রাজ্যে চালু হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা মাসে মাসে ৩০০০ টাকা করে পাবেন। এর পাশাপাশি,১ জুন থেকে মহিলাদের জন্য সরকারি বাস ফ্রি করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপি শাষিত রাজ্য সরকার। শনিবার ব্রিগেডে মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর সঙ্গেই আরও পাঁচ মন্ত্রী শপথ গ্রহন করেছিলেন। সোমবার তাদের দপ্তর বন্টন করা হল। দিলীপ ঘোষ পঞ্চায়েত দফতরের সঙ্গে প্রাণী সম্পদ, কৃষি বিপণন দফতরের দায়িত্বও সামলাবেন। নারী ও শিশু কল্যাণ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে অগ্নিমিত্রা পালকে। এর সঙ্গে সঙ্গে পুর ও নগরোন্নয়নের দায়িত্বও দেওয়া হয়েছে তাঁকে। খাদ্য দফতরের দায়িত্বে এলেন অশোক কীর্তনিয়া। উত্তরবঙ্গ উন্নয়নের সঙ্গে ক্রীড়া দফতরের দায়িত্বে নিশীথ প্রামাণিক। আদিবাসী উন্নয়ন দফতরের দায়িত্বে ক্ষুদিরাম টুডু। মন্ত্রীসভার প্রথম বৈঠকেই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্প সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত হল বাংলা। প্রায় সব কেন্দ্রীয় প্রকল্প চালু হবে বাংলায়। ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস-এ যুক্ত হল বাংলা। সরকারি চাকুরীপ্রার্থীদের আবেদনের বয়সসীমা বাড়ল পাঁচ বছর। রাজ্যের আইপিএস, আইএএসরা কেন্দ্রের ট্রেনিংয়ে অংশ নিতে পারবেন। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ‘চালু থাকা সামাজিক কল্যাণকর কোনো কর্মসূচি এই সরকার বন্ধ করবে না। কিন্তু স্বচ্ছ প্রক্রিয়ায় সেটি চলবে। কোনও মৃত ব্যক্তি,কোনও অভারতীয়,অবৈধ ব্যক্তির সুযোগ পাবেন না’।














