ডেটলাইন দুর্গাপুর,৯ মেঃ বাংলার রাজনীতিতে একটা অধ্যায় শেষ হয়ে শুরু হল এক নতুন অধ্যায়। কংগ্রেস,বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসের পর এবার বাংলায় বিজেপির সরকার হল। নতুন এই সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার ৯ মে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। তিনিই হলেন বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী। তার সঙ্গে শপথ নিয়েছেন আরও পাঁচজন মন্ত্রী। এরা হলেন দিলীপ ঘোষ,অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। ব্রিগেড প্যারেড ময়দানে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, মন্ত্রী রাজনাথ সিং সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী সহ বিজেপি-শাসিত রাজ্যগুলির বহু মুখ্যমন্ত্রীও। কলকাতার ভবানীপুর আসন থেকে সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনবার ভোটে লড়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। সেদিক থেকে শুভেন্দু অধিকারী এই আসন থেকে জেতা দ্বিতীয় মুখ্যমন্ত্রী হলেন। শুভেন্দু অধিকারী এবার নন্দীগ্রাম ও ভবানীপুর দুটি আসনেই প্রার্থী হয়ে জয়লাভ করেছেন।

ব্রিগেডে শপথ গ্রহন অনুষ্ঠানে সারা রাজ্যের সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার সব বিধানসভা কেন্দ্র থেকেই শয়ে শয়ে বিজেপি কর্মী সমর্থকরা হাজির হয়েছিলেন। কারন, এই জেলার ৯টি আসনেই এবার তৃণমূলকে হারিয়ে বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন। তাই,খনি শিল্পাঞ্চল জুড়েও দেখা গেছে বিজেপি কর্মী সমর্থকদের আনন্দ উচ্ছ্বাস।

দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ড এলাকায় জায়ান্ট স্ক্রিনে ব্রিগেডের শপথ গ্রহন অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। এখানে দলীয় কর্মীরা গেরুয়া আবির মেখে নাচগানের মাধ্যমে আনন্দে মেতে ওঠে। পাশাপাশি দেখা যায় পথচলতি মানুষদের মধ্যে ঝালমুড়ি,লাড্ডু ও ঠান্ডা পানীয় বিতরণ করা হয়। সব মিলিয়ে ব্রিগেডের শপথ গ্রহন অনুষ্ঠানকে কেন্দ্র করে দুর্গাপুর স্টেশন ও বাসস্ট্যান্ড এলাকাটি এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।















