ডেটলাইন দুর্গাপুর,৮ আগস্টঃ চলতি পথ নিরাপত্তা সপ্তাহ পালনে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিগত দিনে একাধিক কর্মসূচী দেখা গেছে। এদিন দুর্গাপুর মুচিপাড়া ট্রাফিক গার্ডের উদ্যোগে ১৯ নম্বর জাতীয় সড়কে দেখা গেল এক অভিনব দৃশ্য।ট্রাফিক আইন অমান্য করার ভয়াবহ পরিণতি চোখে আঙুল দিয়ে বোঝাতেই এবার মাঠে নামেন যমরাজ। গেরুয়া বসন, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে গদা আর মাথায় মুকুট পড়ে রাস্তায় দাঁড়িয়ে আছেন যমরাজ। তবে তিনি মানুষকে পরলোকে নিয়ে যেতে আসেননি। এসেছেন জীবন বাঁচানোর বার্তা নিয়ে।

মুচিপাড়া ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীদের সঙ্গে তিনি রাস্তায় যাতায়াতকারী গাড়ি চালকদের সতর্ক করেন। ট্রাফিক সিগন্যাল অমান্য করা, হেলমেট ছাড়া বাইক চালানো, ওভার স্পিডিং এবং মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালানো – এই ধরনের ভুল যাতে চালকরা না করেন,সেই বিষয়ে তাদের সচেতন করেন।ট্রাফিক পুলিশের আধিকারিকরা জানান, সাধারণভাবে প্রচার করে যে বার্তা দেওয়া যায় না, সেটাই মানুষের মনে দাগ কাটার জন্য এই অভিনব প্রয়াস।এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ এবং চালকেরাও। মুচিপাড়া ট্রাফিক গার্ডের তরফে জানানো হয়েছে, পথ নিরাপত্তা সপ্তাহ জুড়েই শহরের বিভিন্ন মোড়ে এই ধরনের সচেতনতা কর্মসূচি চলছে।এটা তারই একটা অঙ্গ। লক্ষ্য একটাই, প্রতিটি বাড়িতে যেন সবাই সুস্থভাবে ফেরেন।”নিয়ম মানুন, জীবন বাঁচান”।














