গাঁজার ‘গেমপ্ল্যান’ ভেস্তে দিল পুলিশ! ৫৩ কেজি গাঁজা-সহ জালে ৩ পাচারকারী

0
74

ডেটলাইন দুর্গাপুর: পাচারের আগেই পুলিশের তৎপরতায় বড়সড় সাফল্য পেল কোক ওভেন থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা-সহ তিন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে মোট ৫৩ কেজি ২৩৭ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। পুলিশের এই তৎপরতায় পাচারকারীদের বড়সড় ছক বানচাল হয়ে গেল বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম নরহরি বিশাল (৪৬), উপেন্দ্র প্রধান (৩৮) এবং চন্দ্রকান্ত নায়ক (৩২)। তিনজনই ওড়িশার বাসিন্দা। পুলিশের দাবি, সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে ১টা নাগাদ ওড়িশা থেকে বাসে করে দুর্গাপুরের সুকুমারনগর সংলগ্ন পচা খাল নামক এলাকায় নামে ওই তিনজন। সেখান থেকেই গাঁজা পাচারের পরবর্তী পরিকল্পনা করা হচ্ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। গোপন সূত্রে খবর পেয়ে কোক ওভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জন মণ্ডল দ্রুত একটি বিশেষ পুলিশ দল তৈরি করেন। কোনওরকম ঝুঁকি না নিয়ে আগে থেকেই ওই এলাকা ঘিরে ফেলে পুলিশ। এরপর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তিনজনকে আটক করা হয়। তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ গাঁজা। পুলিশের দ্রুত  তৎপরতা, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিকল্পিত অভিযান এবং সময়োচিত পদক্ষেপেই পাচারের আগেই এই বড়সড় সাফল্য এসেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। পুলিশের এই তৎপরতায় একদিকে যেমন মাদক পাচারের একটি বড় চক্রের পরিকল্পনা ভেস্তে গেল, তেমনই বিপুল পরিমাণ গাঁজা বাজারে পৌঁছনোর আগেই তা আটক করা সম্ভব হল। ধৃত তিনজনকে মঙ্গলবার আসানসোল আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে তাদের হেফাজতে নিয়ে এই মাদক পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত, কোথা থেকে গাঁজা আনা হয়েছিল এবং কোথায় তা পাচারের পরিকল্পনা ছিল—সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
কোক ওভেন থানার পুলিশের এই উল্লেখযোগ্য সাফল্যকে ঘিরে ফের একবার স্পষ্ট হল, মাদক পাচারের বিরুদ্ধে কড়া নজরদারি এবং দ্রুত পদক্ষেপে শিল্পাঞ্চলে পুলিশের তৎপরতা কতটা গুরুত্বপূর্ণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here