নাবালকের হাতে নয় গাড়ির চাবি,পথ নিরাপত্তায় কড়া বার্তা ট্রাফিক পুলিশের

0
203

ডেটলাইন দুর্গাপুর, ৪ আগস্ট: পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে দুর্গাপুর মুচিপাড়া ট্রাফিক গার্ডের উদ্যোগে দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুলে পড়ুয়াদের নিয়ে এক বিশেষ পথ নিরাপত্তা সচেতনতা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ট্রাফিক আধিকারিকরা ছাত্রছাত্রীদের পথ নিরাপত্তা এবং ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সচেতনতা সভায় বিশেষভাবে ১৮ বছরের নিচে কেউ যাতে কোনওভাবেই রাস্তায় গাড়ি না চালায়, সে বিষয়ে পড়ুয়াদের সতর্ক করা হয়। একইসঙ্গে অভিভাবকদেরও এ বিষয়ে আরও সচেতন হওয়ার বার্তা দেওয়া হয়। নাবালকদের হাতে গাড়ির চাবি তুলে না দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আবেদন জানান ট্রাফিক আধিকারিকরা। এদিন বাইক ও স্কুটি চালানোর সময় হেলমেট পরার উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শুধু গাড়ির চালকই নয়, বাইকের পিছনে বসা সহযাত্রীকেও অবশ্যই হেলমেট পরতে হবে বলে জানানো হয়। পাশাপাশি চার চাকার গাড়ির চালক ও যাত্রীদের সিটবেল্ট ব্যবহারের বিষয়েও সচেতন করা হয়। ট্রাফিক আধিকারিকরা জানান, পথ দুর্ঘটনা কমাতে শুধু আইন প্রয়োগ নয়, সাধারণ মানুষের সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তায় গাড়ি চালানোর সময় গতি নিয়ন্ত্রণে রাখা, ট্রাফিক সিগন্যাল ও অন্যান্য নিয়ম মেনে চলা এবং নিজের পাশাপাশি অন্য পথচারী ও গাড়িচালকদের নিরাপত্তার কথা মাথায় রাখার পরামর্শ দেওয়া হয়।


পড়ুয়াদের উদ্দেশে ট্রাফিক আধিকারিকদের বার্তা, “সচেতনভাবে ট্রাফিক আইন মেনে চলুন, নিজের জীবন সুরক্ষিত রাখুন এবং অন্যের জীবনকেও নিরাপদ রাখুন।” পথ নিরাপত্তা সপ্তাহকে কেন্দ্র করে পুলিশের এই উদ্যোগ ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াবে বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here