ডেটলাইন দুর্গাপুর,৭আগষ্টঃ বিগত সময়ে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার উন্নতির জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। হাসপাতালে এসেছে একাধিক আধুনিক মিশনও। তা সত্বেও কিছু ক্ষেত্রে এখনও অভাব রয়ে গেছে। সেগুলিরই অন্যতম হল রোগীদের জন্য বিশেষ প্রয়োজনীয় হুইল চেয়ার। হাসপাতাল সূত্রে জানা গেছে,রোগীদের তুলনায় হাসপাতালে হুইল চেয়ারের সংখ্যা অনেকটাই কম ছিল। তাই রোগীদের এক বিভাগ থেকে অন্য বিভাগে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল। এই সমস্যার কথা জানতে পারেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। এদিন তিনি হাসপাতালে এসে তাঁর তহবিল থেকে কেনা ১০টি হুইল চেয়ার প্রদান করলেন হাসপাতালে।

হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে এই হুইল চেয়ারগুলি তিনি তুলে দেন। এবার হুইল চেয়ারের অভাব অনেকটাই মিটবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে, বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই জানান,মানুষের চিকিৎসা পরিষেবা আরও সহজ করতে এই হুইল চেয়ারগুলি কাজে লাগবে। সেই সঙ্গে তিনি জানান, এই সরকারী হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করা হবে।














