ডেটলাইন দুর্গাপুর: এবারের মাধ্যমিক পরীক্ষায় চোখ ধাঁধানো ফলাফল করেছে দুর্গাপুরের এক সবজি বিক্রেতার মেয়ে। সাগরভাঙার দেশবন্ধু নগর কলোনির বাসিন্দা রাইরাণী দেবী গার্লস হাই স্কুলের ছাত্রী অনিন্দিতা সূত্রধর মাধ্যমিকে পেয়েছে ৬৭১ নম্বর। তার রেজাল্ট দেখলেই বোঝা যায় অনিন্দিতা কত টা মেধাবী। পদার্থ বিদ্যায় ১০০,জীবন বিজ্ঞানে ৯৯,ইতিহাস ও ভূগোলে ৯৭,বাংলায় ৯৫,ইংরেজিতে ৯৩ এবং অঙ্কে পেয়েছে ৯০। অনিন্দিতার এই সাফল্যে খুশি তার স্কুল থেকে পাড়া প্রতিবেশী সবাই। মেয়ের এতো ভালো রেজাল্ট দেখেও দুশ্চিন্তায় পড়ে যান সবজি বিক্রেতা বাবা তাপস সূত্রধর ও মা অর্চনা দেবী। কারণ মেয়ে কে উচ্চ শিক্ষায় পড়ানোর মত আর্থিক ক্ষমতা তাদের নেই। অভাবের কারণে এই মেধাবী ছাত্রীর পড়াশোনা প্রায় থমকে যেতে বসেছিল। ঠিক এমন সময়েই অনেকটা যেন ঈশ্বরের মতোই তার পাশে এসে দাঁড়ালেন দুর্গাপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী উদয় চ্যাটার্জী। তিনি এই মেধাবী ছাত্রীর অবস্থা জানতে পেরেই উচ্চ শিক্ষার জন্য তার ভর্তি হওয়া থেকে শুরু করে প্রয়োজনীয় বইপত্র সবই কিনে দেওয়ার ব্যবস্থা করে দেন। শুধু তাই নয়, অনিন্দিতার পড়াশোনায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যাতে কোনো সমস্যা না হয়, সে বিষয়েও তার বাবা তাপস বাবুকে আশ্বস্ত করেছেন উদয় চ্যাটার্জী। এক অনুষ্ঠানে অনিন্দিতাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। এখানে সমাজসেবী সংস্থা প্রেরণা ওয়েলফেয়ার সোসাইটির তরফেও অনিন্দিতার পাশে থাকার আশ্বাস দেন সংস্থাটির কর্ণধার সৌরভ আইচ। তাদের পক্ষ থেকেও সংবর্ধনা দেওয়া হয় অনিন্দিতা কে।
Home আসানসোল-দুর্গাপুর মেধাবী অনিন্দিতার উচ্চ শিক্ষার বাধা কাটল সমাজসেবী উদয় চ্যাটার্জীর সহযোগিতায়














