ঔদ্ধত্ত আচরণে অভিযুক্ত কর্মীকে বদলি করে দিল দুর্গাপুর পুর কর্তৃপক্ষ

0
38

ডেটলাইন দুর্গাপুরঃ পরিষেবা নিতে আসা দুর্গাপুরের বয়স্ক নাগরিকের সঙ্গে দুর্ব্যবহার ও ঔদ্ধত্ত আচরন করার অভিযোগে অবশেষে দুর্গাপুর পুর কর্তৃপক্ষ দেরি না করেও অভিযুক্ত ওই কর্মীকে অন্যত্র বদলি করে দিল। অভিযুক্ত কর্মীর নাম স্বপ্নেন্দু ভৌমিক। তিনি পুরসভার ক্যাশ সেকশনে কর্মরত ছিলেন। কদিন আগে দুর্গাপুরের এক বয়স্ক নাগরিক তাঁর স্ত্রীর অন্নপূর্ণ যোজনার টাকা কেন ঢুকছে না সেবিষয়ে খোঁজ নিয়ে পুরসভায় এসেছিলেন। অভিযোগ,সেই সময় পুরসভার কর্মী স্বপ্নেন্দু ভৌমিক ওই ব্যক্তিকে আঙ্গুল উঁচিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমি স্বপ্নেন্দু ভৌমিক,যেখানে যা করার করে নিন”। এনিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক হলে পুরসভায় উত্তেজনা দেখা দেয়। স্বপ্নেন্দুর সেই ঔদ্ধত্তপূর্ণ আচরণের ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে। ঘটনার দিনই পুরসভার কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম ওই কর্মীকে ডেকে বিষয়টি নিয়ে কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন পরিষেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে সরকারি কর্মী এবং আধিকারিকদের এইভাবে কথা বলা ঠিক নয়। ঘটনার একদিনের মধ্যেই পুরসভা কর্তৃপক্ষ  কড়া পদক্ষেপ নিল। স্বপ্নেন্দু ভৌমিক নামে ওই কর্মীকে পুরসভার ক্যাশ সেকশন থেকে বদলি করে বীরভানপুর মহাশ্মশানে পোস্টিং দিয়েছে। অন্যদিকে,স্বপ্নেন্দু ভৌমিকের জায়গায় পোস্টিং দেওয়া হয়েছে বাবলু বিশি নামে এক কর্মীকে।

ঘটনার বিবরনে জানা গেছে,শিবকুমার মণ্ডল নামে এক বয়স্ক নাগরিক তাঁর স্ত্রীর অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার আশায়  বারবার দুর্গাপুর নগর নিগমে এসে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার চেষ্টা করলেও প্রতিবারই কোনও না কোনও কারণে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। ঘটনার দিনও ওই পুরকর্মী তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করতে থাকলে তিনি প্রতিবাদ করলে তাঁকে রীতিমতো হুমকী দেয় পুরকর্মী স্বপ্নেন্দু। তাতেই দুজনের মধ্যে তর্ক বেধে যায়। শিবকুমার মন্ডল জানিয়েছেন,তিনি একটি সামান্য আয়ের কাজ করেন। তাংর স্ত্রী অসুস্থ। তাই অন্নপূর্ণার টাকা পেলে তাদের কিছুটা হলেও সুবিধা হবে। তাই তিনি বারবার পুরসভায় ছুটে আসছেন। পুরকর্মীর এই ধরনের আচরণের তীব্র নিন্দা করেছিলেন বিজেপি নেতৃত্বও। অবশেষে পুরসভা কর্তৃপক্ষের এই কড়া পদক্ষেপে খুশি হয়েছেন নাগরিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here