শ্রাবণী মেলার ভক্তদের জন্য দুর্গাপুর থেকে সরাসরি তারকেশ্বরের বাস পরিষেবা চালু করলেন বিধায়ক

0
42

ডেটলাইন দুর্গাপুর,২৬ জুলাইঃ শ্রাবণ মাস শুরু হতেই হুগলী জেলার তারকেশ্বর মন্দির শিবভক্তদের সমাগমে সরগরম হয়ে ওঠে। প্রতি বছর শ্রাবণ মাসে (জুলাই-আগস্ট),লক্ষ লক্ষ ভক্ত শিবের মাথায় জল ঢালতে তারকেশ্বর মন্দিরের দিকে হেঁটে যান। তাঁরা প্রধানত বৈদ্যবাটির নিমাই তীর্থ ঘাট এবং অন্যান্য বিভিন্ন ঘাট থেকে সংগৃহীত গঙ্গার পবিত্র জল তারকনাথ মন্দিরে ভগবান শিবকে অর্পণ করার জন্য বয়ে নিয়ে যান। শ্রাবণী মেলা নামে পরিচিত এই উৎসবটি প্রতি বছর অগণিত ভক্তকে আকর্ষণ করে। মানুষের বিশ্বাস,এই সময়ে ভগবান শিবকে গঙ্গার জল অর্পণ করলে শান্তি,আশীর্বাদ এবং সৌভাগ্য আসে। রাজ্যের বিভিন্ন এলাকার সঙ্গেই দুর্গাপুর থেকেও প্রচুর শিবভক্ত তারকেশ্বরের শ্রাবণী মেলায় যান। তবে এই ভক্তরা বেশির ভাগ ট্রেনে করেই সেখানে যান। এবছর দুর্গাপুরের শিবভক্তরা যাতে দুর্গাপুর থেকে সরাসরি তারকেশ্বর পৌঁছাতে পারেন,তারজন্য বিশেষ বাস পরিষেবার ব্যবস্থা করে দিয়েছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোডুই। রবিবার দুর্গাপুর স্টেশন এলাকা থেকে সেই বাস পরিষেবার উদ্বোধন করেন বিধায়ক।

জানা গেছে,বাসটি দুর্গাপুর স্টেশন থেকে প্রথমে শেওড়াফুলি ঘাটে পৌঁছবে। সেখান থেকে গঙ্গাজল সংগ্রহ করে ভক্তরা তারকেশ্বর মন্দিরে গিয়ে ভগবান শিবের মাথায় পবিত্র জল নিবেদন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের হাতে জল,বিস্কুট ও মিষ্টি তুলে দেন বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই। তিনি জানান,শ্রাবণী মেলায় যাতে ভক্তরা নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন,সেই লক্ষ্যেই এই বিশেষ বাস পরিষেবা চালু করা হল। স্বাভাবিকভাবেই বিধায়কের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন দুর্গাপুরের শিবভক্তরা। তারকেশ্বর যাওয়া তাদের কাছে এখন অনেক সহজ হয়ে গেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here