ডেটলাইন দুর্গাপুরঃ আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে স্থানীয় শ্রেয়সী লজে থানার অধীন দুর্গাপুজো কমিটিগুলোর সদস্যদের নিয়ে এক প্রশাসনিক সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে থানা এলাকার প্রায় সমস্ত পুজো কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই। এছাড়া আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায়, কোক ওভেন থানার আধিকারিক সহ ট্রাফিক বিভাগ ও দমকল বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে নিরাপত্তা নিয়ে বিশেষ কিছু নির্দেশিকা দেওয়া হয়। মণ্ডপে সিসিটিভি ক্যামেরা বাধ্যতামূলক। মহিলা ও শিশুদের জন্য আলাদা প্রবেশ ও প্রস্থান পথ রাখতে হবে। মণ্ডপে অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখতে হবে। ট্রাফিক, পার্কিং ও শব্দ দূষণের বিষয় নিয়েও নির্দেশিকা দেওয়া হয়। কোক ওভেন থানার আধিকারিক জানান,পুজো শান্তিতে হোক এটাই আমরা চাই। কোনো কমিটির কোনো সমস্যা হলে সরাসরি থানায় যোগাযোগ করুন। পুলিশ সব সময় আপনাদের পাশে আছে।














