অ্যাডমিট কার্ড আনতে ভুলে যাওয়া ছাত্রীর পাশে বিজেপি নেতা

0
45

ডেটলাইন দুর্গাপুরঃ সোমবার থেকে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা দিতে ছাত্রছাত্রীরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে নিজেদের পরীক্ষাকেন্দ্রর উদ্দেশ্যে বের হয়। কিন্তু পরীক্ষা কেন্দ্রে পৌঁছেই মাথায় হাত পড়ে যায় রাই রানি দেবী গার্লস হাই স্কুলের ছাত্রী প্রিয়া দাসের। পরীক্ষা কেন্দ্রে পৌঁছে সে দেখে তার সঙ্গে অ্যাডমিট কার্ড নেই। সোমবার ছিল উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা। প্রিয়া দাসের পরীক্ষা কেন্দ্র পড়েছিল দুর্গাপুর তারকনাথ হাই স্কুলে। পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে কেন্দ্রে পৌঁছনোর পরই সে বুঝতে পারে, তাড়াহুড়োর মধ্যে অ্যাডমিট কার্ড বাড়িতেই রেখে এসেছে। গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে এমন পরিস্থিতিতে কীভাবে পরীক্ষায় বসবে,তা নিয়ে কার্যত ভেঙে পড়ে প্রিয়া। উদ্বেগে কান্নায় ভেঙে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয় তার। ঠিক সেই সময়ই ছাত্রীর পাশে দাঁড়ান দুর্গাপুর ৩ নম্বর মন্ডল বিজেপি যুব মোর্চার সহ সভাপতি সৌম কেশ।

পরিস্থিতির কথা জানতে পেরে দ্রুত উদ্যোগ নেন তিনি। দলের এক কর্মীর বাইকের ব্যবস্থা করে ছাত্রীকে বাড়িতে পাঠানো হয় অ্যাডমিট কার্ড আনতে। এরপর অ্যাডমিট কার্ড নিয়ে যথাসময়ে তাকে ফের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। ফলে উৎকণ্ঠার অবসান ঘটে এবং পরীক্ষায় বসার সুযোগ পায় প্রিয়া। এই ঘটনায় স্বস্তি ফিরে আসে ছাত্রী ও তার পরিবারের মধ্যে। বিপদের সময় ছাত্রীকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় সৌম কেশকে কৃতজ্ঞতা জানান পরীক্ষাকেন্দ্রে উপস্থিত অভিভাবকরা। উচ্চ মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রথম দিনেই এক পড়ুয়ার পাশে দাঁড়িয়ে সহযোগিতার যে নজির তিনি দেখিয়েছেন, তা উপস্থিত অনেকেরই নজর কাড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here