২৪ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া টাটা সুমো উদ্ধার করে দিল কোক ওভেন থানার পুলিশ

0
104

ডেটলাইন দুর্গাপুর,২১ নভেম্বরঃ কোক ওভেন থানার পুলিশের আরও এক বড় সাফল্য সামনে এল। চুরি যাওয়া একটি টাটা সুমো গাড়ি ২৪ ঘন্টার মধ্যেই তৎপরতার সঙ্গে উদ্ধার করে তা মালিকের হাতে তুলে দিল কোক ওভেন থানার পুলিশ। গত ১৮ তারিখ দুর্গাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন একটি পেট্রোল পাম্পের সামনে নিজের টাটা সুমো গাড়িটি পার্ক করে খাবার খেতে বাড়িতে গিয়েছিলেন কোক ওভেন থানার অন্তর্গত রাতুরিয়া হাউসিং কলোনির বাসিন্দা রমেশ কুমার সিং। কিন্তু তারপর ফিরে এসে দেখতে পান গাড়িটি যেখানে ছিল সেখানে নেই। তিনি আশপাশের লোকজনদের জিজ্ঞাসা করেন এবং দীর্ঘক্ষন খোঁজাখুঁজি করেও গাড়ির কোনো হদিশ পাননি।

শেষ পর্যন্ত গত ১৯ নভেম্বর কোক ওভেন থানায় তার গাড়ি চুরির অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী,  কোক ওভেন থানার আধিকারিক অঞ্জন মণ্ডল দ্রুত এএসআই সঞ্জয় কুমার ঘোষের নেতৃত্বে একটি বিশেষ পুলিশ দল গঠন করেন। তদন্তে নেমে গোপন সূত্রে গুরুত্বপূর্ণ তথ্য হাতে আসে পুলিশের। সেই সূত্র ধরেই বিহারের অরঙ্গবাদে অভিযান চালানো হয়। সেখান থেকেই গাড়িটি উদ্ধার করে পুলিশ। সেইসঙ্গে মনোজ চক্রবর্তীনামে এক যুবককে এই গাড়ি চুরির সঙ্গে যুক্ত থাকার সন্দেহে গ্রেফতার করে পুলিশ। ধৃত মনোজের বাড়ি উত্তর ২৪ পরগনায়।  মনোজকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। ধৃত মনোজকে জিঙ্গাসাবাদ করে পুলিশ জানতে চাইছে সে কোনো গাড়ি চক্রের সঙ্গে জড়িত কি না।

গাড়ি ফিরে পেয়ে পুলিশের এই তৎপরতায় মুগ্ধ হয়েছেন গাড়ির মালিক রমেশ কুমার সিং। তিনি বলেছেন,পুলিশ যে এতো তাড়াতাড়ি গাড়িটি উদ্ধার করে দেবে সেটা তিনি ভাবতেই পারেননি। তিনি তদন্তকারী পুলিশ আধিকারিকের ভূমিকারও ভূয়ষী প্রশংসা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here