রাস্তার ধারে পার্কিংয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ দুর্গাপুরের মুচিপাড়া ট্রাফিক পুলিশের

0
33

ডেট লাইন দুর্গাপুর: ১২ আগস্টঃ সারা রাজ্য জুড়ে পরিবহন দফতর ও পুলিশের যৌথ উদ্যোগে এবং বিভিন্ন ট্রাফিক গার্ডের সহযোগিতায় গত ৩ আগস্ট থেকে শুরু হওয়া পথ সচেতনতা কর্মসূচি ৯ আগস্ট শেষ হয়েছে। পশ্চিম বর্ধমান জেলাতেও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে সফলভাবেই সপ্তাহব্যাপী নানা কর্মসূচীর মাধ্যমে পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হয়েছে। এই সময় হেলমেটবিহীন বাইক চালকদের হেলমেট পরিয়ে সতর্ক করা হয় এবং হেলমেট ছাড়া গাড়ি চালানোর জন্য অনেককেই জরিমানার নির্দেশ দেওয়া হয়। পুলিশের ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পথ নিরাপত্তা সপ্তাহ চলাকালীন বিভিন্ন স্কুলছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান ও পথনাটিকার মাধ্যমে গাড়ি চালক ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলার পাঠ দেওয়া হয়। তবে পথ নিরাপত্তা সপ্তাহ শেষ হওয়ার পরও পুলিশ রাস্তায় নেমে কাজ করে চলেছে। যানজট এড়াতে ও দুর্ঘটনার সম্ভাবনা আটকাতে যত্রতত্র অবৈধভাবে পার্কিংয়ের বিরুদ্ধে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে চলেছে। বুধবার দেখা গেল দুর্গাপুরের মুচিপাড়া ট্রাফিক গার্ডের আধিকারিকরা বিধাননগরের মিশন হাসপাতাল থেকে শঙ্করপুর যাওয়ার ব্যস্ত রাস্তায় বেআইনি পার্কিং ও ট্রাফিক আইন ভঙ্গের বিরুদ্ধে বিশেষ নজরদারী চালায়। বিধাননগর ফাঁড়ির পুলিশের সহযোগিতায় বিধান নগর এলাকায় যৌথভাবে এই অভিযান চলার সময় একাধিক চারচাকা গাড়ি ও দু চাকা গাড়ির চালকদের অবৈধভাবে গাড়ি পার্কিং করার জন্য সতর্ক করা হয়। হেলমেট ছাড়া বাইক চালানোর জন্য একাধিক চালককে জরিমানা করা হয়। রাস্তার ধারে পার্কিং করে রাখা গাড়ি মালিকদের ভবিষ্যতে এই ধরনের কাজ না করার জন্য রীতিমতো হুঁশিয়ারীও দেন ট্রাফিক গার্ডের আধিকারিকরা। আগামী দিনেও এই ধরনের অভিযান চলবে বলে মুচিপাড়া ট্রাফিক গার্ডের তরফে জানানো হয়েছে। পুলিশের এই কঠোর ভূমিকায় পথ চলতি মানুষ ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। অনেক গাড়ি চালকও পুলিশের এই কঠোর পদক্ষেপের প্রশংসা করে বলেছেন,রাস্তার পাশে সারি করে গাড়ি পার্কিং করে রাখার জন্য চলাচল করতে যেমন সমস্যা হয়,তেমনই যে কোনো সময় দুর্ঘটনারও আশঙ্কা থাকে। তাই তারা চান,পুলিশের এই অভিযান যেন নিয়মিত চলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here