পুজোর আগে বাইক উদ্ধার, কোক ওভেন থানার তৎপরতায় গ্রেপ্তার দুই

0
88

ডেটলাইন দুর্গাপুর: পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস। বাইক চুরির অভিযোগ পেয়ে দ্রুত তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করার পাশাপাশি চুরি যাওয়া বাইক উদ্ধার করল কোক ওভেন থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৫ অক্টোবর বিপুল বিশ্বাস দুর্গাপুর স্টেশনে এক আত্মীয়কে আনতে যান। সেই সময় তিনি স্টেশন চত্বরে নিজের বাইকটি রেখে গিয়েছিলেন। ফিরে এসে তিনি দেখেন, বাইকটি আর সেখানে নেই।

বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও বাইকের সন্ধান না পেয়ে তিনি কোক ওভেন থানায় চুরির অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই কোক ওভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জন মণ্ডলের নির্দেশে অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর সঞ্জয় ঘোষের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। তদন্তে নেমে পুলিশ দেবা চৌহান ও অজয় রাম নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃত দুজনই পানাগরের বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁদের কাছ থেকে চুরি যাওয়া বাইকটিও উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুই অভিযুক্তকে দুর্গাপুর আদালতে পেশ করা হয়। পুজোর আগে নিজের হারিয়ে যাওয়া বাইক ফিরে পেয়ে অত্যন্ত খুশি বিপুল বিশ্বাস। দ্রুততার সঙ্গে তদন্ত করে বাইক উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য তিনি কোক ওভেন থানার পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here