ডেটলাইন আসানসোল,২৭ নভেম্বরঃ দুদিন ধরে চলা টানটান নাটকের শেষে শুক্রবার সকালটা যেন সিনেমার ক্লাইম্যাক্স হয়ে উঠল আসানসোলের হিরাপুরে। ইসমাইলের পাঁজা গলি সংলগ্ন এলাকা। সকাল তখন সবে ৯টা। জনবহুল পাড়ায় হঠাৎই গুলির শব্দ! আতঙ্কে যে যার বাড়ির দরজা বন্ধ করে দিলেন। রাস্তায় তখন শুধু পুলিশ আর পুলিশ। আর তারই মাঝখানে,নির্মীয়মান একটা বাড়ির জলের ট্যাঙ্কের পেছনে লুকিয়ে ছিল আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ দাস ওরফে প্যাঁও। হাতে আগ্নেয়াস্ত্র। পরনে বারমুডা আর টি-শার্ট। এই রুদ্ধশ্বাস নাটকের শুরুটা হয়েছিল বুধবার বিকেলে। গোপন সূত্রে খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশের একটা দল প্রতাপকে ধরতে তার বাড়িতে যায়। কিন্তু পুলিশকে দেখেই প্রতাপ গুলি চালিয়ে পালিয়ে যায়। তারপর থেকেই পুরো এলাকা ঘিরে প্রতাপকে খুঁজতে অভিযান শুরু করে পুলিশ। প্রতাপও লুকিয়ে থেকে পুলিশের সঙ্গে লুকোচুরি খেলা শুরু করে। তারপর থেকে তাকে খুঁজতে পুলিশের একাধিক দল আসানসোল শহরের পাশাপাশি আশপাশের সব জায়গায় তল্লাশি চালানো শুরু করে। বৃহস্পতিবার দুপুর থেকে অনেক রাত পর্যন্ত আসানসোল দক্ষিণ থানার হটন রোডের পূর্বাশা লেন সংলগ্ন এলাকায় চিরুনি তল্লাশি চলে। কিন্তু প্রতাপকে সেখানে পাওয়া যায়নি। যেন হাওয়ায় মিলিয়ে গেছে প্যাঁও! শুক্রবার সকাল ৯টা নাগাদ পুলিশের কাছে খবর আসে,প্রতাপ ইসমাইলে তার বাড়ি সংলগ্ন এলাকায় হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে। খবর পেয়েই ছুটে আসে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ। চারদিক ঘিরে ফেলা হয়। এলাকার বাসিন্দাদের বাড়ির মধ্যে থাকতে বলা হয়। হাতে বন্দুক নিয়ে পুলিশ অফিসাররা শুরু করেন খোঁজ। প্রায় ঘণ্টা দুয়েক ধরে চলে এই লুকোচুরি। শেষে পুলিশের তাড়া খেয়ে প্রতাপ ওই নির্মীয়মান বাড়ির জল ট্যাঙ্কের পেছনে লুকিয়ে পড়ে। পুলিশ অফিসাররা তাকে আত্মসমর্পণ করতে বললেও প্রতাপ পুলিশের কথা শুনতে চায়নি। উল্টে সে পুলিশের দিকে বন্দুক তাক করে! এরপর পুলিশ আর কোনও ঝুঁকি নেয়নি। আত্মরক্ষায় তার পা লক্ষ্য করে গুলি চালায় পুলিশ। গুলি গিয়ে লাগে প্রতাপের ডান পায়ে। মাটিতে লুটিয়ে পড়তেই পুলিশ অফিসাররা ঝাঁপিয়ে পড়ে পাকড়াও করে প্রতাপকে। অবশেষে দুদিনের রুদ্ধশ্বাস নাটকের এখানেই যবনিকা ঘটে। এই অপারেশনের নেতৃত্বে থাকা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (সেন্ট্রাল) ধ্রুব দাস বলেন,প্রতাপ দাসকে জখম অবস্থায় গ্রেফতার করা হয়েছে। তাকে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে জানা যায় তার অবস্থা অনেকটা স্থিতিশীল। সে পুলিশের সঙ্গে কথা বলেছে। জনবহুল এলাকায় এমন একটি রুদ্ধাশ্বাস ঘটনায় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। তবে,এলাকার এই দুষ্কৃতি শেষ পর্যন্ত ধরা পড়ায় তারাও পুলিশের সঙ্গেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। জানা গেছে,প্রতাপ একটু সুস্থ হলেই তাকে আদালতে পেশ করা হবে।














