প্রতি থানায় চার চাকা ও বাইক,মুখ্যমন্ত্রীর ঘোষণা বাস্তবায়িত দুর্গাপুরে

0
47

ডেটলাইন দুর্গাপুরঃ এক ফোনেই মিলবে পুলিশের সাহায্য। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে পুলিশ। মহালয়ার পুণ্য লগ্নে রাজ্যে চালু হয়েছে ১১২ জরুরি পরিষেবা। একই সঙ্গে পুলিশের বহরে যুক্ত হল ৪৫০টি গাড়ি ও ৪৫০টি মোটর বাইক। ব্রিগেডে রাজ্য পুলিশের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন পুজোর আগেই রাজ্য পুলিশে প্রায় ১১ হাজার নতুন কনস্টেবল নিয়োগ হবে। তারই সঙ্গে এক বছরের মধ্যে প্রতিটি থানায় ৪টি করে চারচাকা গাড়ি ও ৪টি করে মোটরবাইক দেওয়ারও প্রতিশ্রুতি দেন তিনি। তৈরি করা হবে কুইক রেসপন্স টিমও। অবশেষে সেই ঘোষণা বাস্তবায়িত হচ্ছে। মহালয়ার দিন রাজ্যে ১১২ জরুরি পরিষেবা চালু হয়েছে। ফলে আপৎকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষ দ্রুত পুলিশি সহায়তা পাবেন। প্রতিটি থানায় ১টি করে গাড়ি ও ১টি করে মোটরবাইক ৪৫০টি থানায় বরাদ্দ করা হয়েছে। পরিষেবাকে আরও গতিশীল করতে ১৫০০ জন চালক নিয়োগের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর সেই উদ্যোগের অঙ্গ হিসেবে দুর্গাপুরের কোক ওভেন থানায় নতুন একটি গাড়ি (পেট্রল কার) ও বাইক প্রদান করা হলো।

সোমবার থানা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে গাড়ির চাবি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই,আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা এবং কোক ওভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক। বিধায়ক লক্ষণ ঘোড়ুই বলেন, “আগের সরকার পুলিশকে মানুষের নিরাপত্তা দেওয়ার কাজ না করিয়ে অসৎ কাজে ব্যবহার করেছে। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশের পরিকাঠামো উন্নয়নে অত্যন্ত আন্তরিক। নতুন গাড়ি পাওয়ায় পুলিশের টহলদারি আরও বাড়বে,দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হবে। এর ফলে সাধারণ মানুষ আরও বেশি সুরক্ষিত বোধ করবেন”। এলাকার বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here