ভারতকে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে আরও বড় জায়গায় নিয়ে যেতে হবে,দুর্গাপুরে বললেন ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ

0
40

ডেটলাইন দুর্গাপুর,২২ আগস্টঃ  প্রতি বছরের মতো আগামী ২৯ আগস্ট পালিত হতে চলেছে ‘জাতীয় ক্রীড়া দিবস’। দুর্গাপুরে আগে এই দিনটি সেভাবে পালিত না হলেও গত বছর থেকে এই বিশেষ দিনটি পালন করছে ‘জাতীয় ক্রীড়া দিবস উদযাপন কমিটি’। সম্প্রতি সিটি সেন্টারের মাঙ্গলিক অতিথি ভবনে কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে কমিটির তরফে দুর্গাপুরের আন্তর্জাতিক ক্রীড়াবিদ সীমা দত্ত চ্যাটার্জী ঘোষণা করেন,এবছর আরও বড় আকারে দুর্গাপুরে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হবে। ওই দিন বিশেষ অনুষ্ঠানে জাতীয় ও রাজ্যস্তরের ক্রীড়াবিদ,প্রবীণ খেলোয়াড়,প্রশিক্ষক,রেফারিদের সংবর্ধনার পাশাপাশি দুর্গাপুর কৃতী ক্রীড়াবিদ পুরস্কার,উৎকর্ষ পুরস্কার,আজীবন কৃতিত্ব পুরস্কার ও মেজর ধ্যানচাঁদ পুরস্কার প্রদান করা হবে। শনিবার সেই কর্মসূচীর সূচনা অনুষ্ঠানে দুর্গাপুরে আসেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ। সিটি সেন্টারে সিধু কানু স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য এক র্যা লির আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের ক্রীড়ামন্ত্রী ডা.ইন্দ্রনীল খাঁ জানান,বাংলার খেলাধূলার সামগ্রিক উন্নয়নে রাজ্য সরকার এবার বিশেষ উদ্যোগ নিয়েছে। তিনি বলেন,“ শুধু কলকাতাকে কেন্দ্র করে ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন নয়,রাজ্যের প্রত্যন্ত এলাকাতেও খেলাধুলার পরিকাঠামো তৈরি ও উন্নয়নের উপর জোর দেওয়া হবে”। উল্লেখ্য,কলকাতায় খেলতে আসছে ব্রাজিলের জাতীয় ফুটবল দল। এ প্রসঙ্গে ক্রীড়ামন্ত্রী বলেন, “এতদিন ব্রাজিল ও আর্জেন্টিনার জন্য গলা ফাটানো হয়েছে,এবার সময় এসেছে ভারতবর্ষের জন্য গলা ফাটানোর”। তিনি তার বক্তব্যে পূর্বতন তৃণমূল সরকারেরও সমালোচনা করে বলেন,এতোদিন তারা খেলাধুলাকে অবহেলা যেমন করেছে তেমনই ক্রীড়াক্ষেত্রে নানা দুর্নীতিও হয়েছে। তবে এবার আর খেলাধুলাকে ব্রাত্য রাখা হবে না। প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে নিয়ে আসার পাশাপাশি পরিকাঠামোর উন্নয়নেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেছেন,দুর্গাপুরে একাধিক স্টেডিয়াম রয়েছে। এগুলির পরিকাঠামোর উন্নতি করতে হবে। মন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের দুই বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই, দুর্গাপুরের মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল-সহ প্রশাসনিক আধিকারিকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here