ডেটলাইন দুর্গাপুরঃ বাসযাত্রীর ব্যাগ থেকে সোনার বালা চুরির অভিযোগের তদন্তে নেমে বড়সড় সাফল্য পেল কোক-ওভেন থানার পুলিশ। ঘটনার তদন্তে এক মহিলাকে গ্রেফতার করার পাশাপাশি তাঁর কাছ থেকে চুরি যাওয়া প্রায় ১৫০ গ্রাম সোনা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতের নাম কল্যাণী বেদ। তাঁর বাড়ি আসানসোলের বানপুর-হিরাপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৪ আগস্ট দুর্গাপুরের রায়ডাঙার বাসিন্দা বানু শেখ মুচিপাড়া থেকে একটি বাসে বাঁকুড়া মোড়ের উদ্দেশে রওনা দেন। বাসে তাঁর পাশের আসনে এক মহিলা বসেছিলেন। বাঁকুড়া মোড়ে বাস থেকে নামার পর বানু শেখ লক্ষ্য করেন, তাঁর ব্যাগ থেকে দুটি সোনার বালা উধাও হয়ে গিয়েছে। ঘটনাটি বুঝতে পেরে তিনি দ্রুত কোক-ওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের স্বার্থে বাঁকুড়া মোড় এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। ফুটেজ ও অন্যান্য তথ্যের সূত্র ধরে তদন্তকারীরা আসানসোলের বানপুর-হিরাপুর এলাকায় পৌঁছন। সেখান থেকেই গত ১৬ আগস্ট কল্যাণী বেদ নামে ওই মহিলাকে গ্রেফতার করা হয়। ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানোর পর তাঁর কাছ থেকে চুরি যাওয়া প্রায় ১৫০ গ্রাম সোনা উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর বুধবার ফের ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কোক-ওভেন থানার পুলিশ। এই চুরির ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, ধৃত মহিলা এর আগে একই ধরনের কোনও ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন কি না—তা খতিয়ে দেখছেন পুলিশ।
Home আসানসোল-দুর্গাপুর বাসযাত্রীর ব্যাগ থেকে সোনার বালা চুরি, ১৫০ গ্রাম সোনা উদ্ধার কোক-ওভেন পুলিশের














