আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ আসানসোল ও দুর্গাপুরেও

0
8

ডেটলাইন দুর্গাপুর,৫ অক্টোবর: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের উপর হামলার প্রতিবাদ করলেন আসানসোল ও দুর্গাপুর আদালতের আইনজীবীরাও। রাজ্যের বিভিন্ন প্রান্তে আইনজীবীদের উপর হামলা,হেনস্থা এবং তাঁদের নিরাপত্তা নিয়ে সোমবার দুর্গাপুর মহকুমা আদালত থেকে সিটি সেন্টার বাসস্ট্যান্ড পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন আইনজীবীরা। তাদের অভিযোগ, রাজ্যের বিভিন্ন জায়গায় কর্মরত আইনজীবীরা হামলা ও আক্রমণের শিকার হচ্ছেন। এমনকি আদালত চত্বরেও তাঁদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের উপর হামলার ঘটনায় দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করতে হবে। একই ছবি দেখা গেল আসানসোল আদালতেও। আসানসোল আদালত চত্বরে আইনজীবীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে বিক্ষোভ দেখালেন আইনজীবীরা। প্রসঙ্গত,গত বৃহস্পতিবার কলকাতার ব্যাঙ্কশাল আদালতের মুখ্য সরকারি কৌঁসুলি অরুণকুমার ভগতের সঙ্গে সরকারি আইনজীবীদের বিরোধকে কেন্দ্র করে আদালত চত্বরে উত্তেজনা ছড়ায়। ভগতের ঘরে ঢুকে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে সরকারি কৌঁসুলিদের একাংশের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তাঁরা। সরকারি আইনজীবীদের পাল্টা অভিযোগ,তাঁদের অপমান করে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে এবং পিপ প্যানেল থেকে বাদ দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

অন্যদিকে, অরুণকুমার ভগতের বক্তব্য, যোগ্য আইনজীবীদেরই গুরুত্বপূর্ণ মামলা দেওয়া হচ্ছে। দুর্নীতির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই পরিস্থিতির মধ্যেই ধৃত ইউটিউবার দীপক ব্যাপারিকে আদালতে হাজির করানোকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। তাঁকে লক্ষ্য করে কিছু বিক্ষোভকারীদের ডিম ছুড়তে থাকে। সেই ডিম আইনজীবীদের গায়ে লাগার অভিযোগকে কেন্দ্র করে শুরু হয় বচসা। পরে তা গড়ায় ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে। ঘটনার প্রতিবাদে আইনজীবীদের একাংশ অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেন। তাঁদের দাবি, আদালত চত্বরে আইনজীবীদের উপর হামলার ঘটনায় জড়িত প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। এই দাবি নিয়ে সোমবার রাজ্যের বিভিন্ন আদালতেও রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হতে দেখা যায় আইনজীবীদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here