মুখ্যমন্ত্রী আসার আগে শঙ্করপুর পুজো কমিটির ব্যবস্থাপনা পরিদর্শনে পুলিশ কমিশনার

0
43

ডেটলাইন দুর্গাপুর,৬ অক্টোবরঃ রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম বাংলার সেরা উৎসব দুর্গাপুজো অনুষ্ঠিত হতে চলেছে। সরকার বদলের সঙ্গে দুর্গাপুজো নিয়ে গাইড লাইনেরও কিছু পরিবর্তন এসেছে। মহালয়ার আগে কোনো পুজোর উদ্বোধন হচ্ছে না। বিগ বাজেটের পুজোগুলিকে আর সরকারের আর্থিক অনুদান দেওয়া হচ্ছে না। তবে,কম বাজেটের পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে আগেই। রাজ্যে প্রচলিত প্রথা অনুযায়ী বেশ কিছু বড় পুজোর উদ্বোধন করবেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গেছে সেই তালিকায় দুর্গাপুরেরও একাধিক পুজো রয়েছে। এগুলির মধ্যে অন্যতম হল শঙ্করপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটি। আগামী ১৪ অক্টোবর চতুর্থীর দিন এই পুজোর উদ্বোধন করতে আসবেন মুখ্যমন্ত্রী।

বর্তমানে জোর কদমে মন্ডপ তৈরীর কাজ চলছে। শংকরপুর সার্বজনীন দুর্গোৎসবের এবছরের থিম ‘দ্বারকা নগরী’ অর্থাৎ শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী। উদ্বোধনে মুখ্যমন্ত্রীর আগমন এবং পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের ভিড় সামলানোর ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে,তা খতিয়ে দেখতে মঙ্গলবার এখানে পরিদর্শনে আসেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার ড. প্রণব কুমার। পরিদর্শনকালে তিনি পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ ও বেরোনোর ব্যবস্থা,ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক খতিয়ে দেখেন। মন্ডপের প্রবেশ ও প্রস্থান পথ আরও কিছুটা প্রশস্ত করার জন্য তিনি পুজো কমিটিকে নির্দেশ দেন।

একই সঙ্গে পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের গাড়ি পার্কিংয়ের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখার কথাও বলেছেন তিনি। মণ্ডপে যাতায়াতের পথে যানজট যাতে না হয়,সেদিকেও বিশেষ নজর দেওয়ার কথা বলা হয়েছে। এবিষয়ে তিনি পুলিশ এবং ট্রাফিক বিভাগের আধিকারিকদের সঙ্গেও আলোচনা করেন বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here