চিত্র সাংবাদিক দীপক গুরুংয়ের স্মৃতিতে স্বেচ্ছা রক্তদান শিবির

0
98

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ ২০১৩ সালের ৩১ জুলাই দুর্গাপুরের ডিভিসি মোড়ে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় অকালে প্রাণ হারান দুর্গাপুরের মিডিয়া জগতের বিশিষ্ট চিত্র সাংবাদিক দীপক গুরুং। পেশাগতভাবে তিনি একটি বেসরকারি শিল্প সংস্থার কর্মী হলেও সাংবাদিকতাই ছিল তাঁর নেশা ও ভালোবাসা। সংবাদ সংগ্রহের ডাক পেলেই ক্যামেরা কাঁধে ছুটে যেতেন ঘটনাস্থলে। পাশাপাশি সমাজের নানা প্রয়োজনে, বিপদে-আপদে পরিচিত-অপরিচিত মানুষের পাশে দাঁড়ানো ছিল তাঁর সহজাত স্বভাব।

তাঁর অকাল প্রয়াণে দুর্গাপুরের সাংবাদিক মহলে নেমে এসেছিল গভীর শোকের ছায়া। সেই স্মৃতিকে অম্লান রাখতেই গত এক যুগ ধরে প্রতি বছর ৩১ জুলাই তাঁর স্মরণে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে দুর্গাপুরের সাংবাদিকরা।

এবারও দীপক গুরুংয়ের স্মৃতির উদ্দেশ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটির সহযোগিতায় মিশন হাসপাতাল ব্লাড সেন্টারে অনুষ্ঠিত হয় ১৩ তম বর্ষের ন্যানো স্বেচ্ছা রক্তদান শিবির। এদিন মোট ১৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে ছিলেন বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ।

রক্তদান শিবির শুরুর আগে প্রয়াত দীপক গুরুংয়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপস্থিত সকলে তাঁর কর্মনিষ্ঠা, মানবিকতা ও সমাজসেবামূলক মানসিকতার কথা স্মরণ করেন। আয়োজকদের বক্তব্য, দীপক গুরুং শুধু একজন দক্ষ চিত্র সাংবাদিকই ছিলেন না, তিনি ছিলেন একজন মানবিক মানুষ। তাঁর স্মৃতিকে বাঁচিয়ে রাখার পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানের মতো মহৎ উদ্যোগের মাধ্যমে সমাজের মানুষের পাশে দাঁড়ানোই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here