ডেটলাইন দুর্গাপুর,৩০ জুলাইঃ গত ৪ মে রাজ্যে পালা বদলের পর থেকেই বাংলাকে পুনরায় শিল্প সমৃদ্ধ করে তোলার বিশেষ জোর দিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সে ক্ষেত্রে আসানসোল দুর্গাপুরের অতীত শিল্প গৌরবের বিষয়টিও উঠে এসেছে মুখ্যমন্ত্রীর কথায়। ইতিমধ্যেই এই খনি শিল্পাঞ্চলে নতুন বিনিয়োগের বিষয়ে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবং একাধিক শিল্প সংক্রান্ত বৈঠকও করা হয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর নির্দেশে সিটি সেন্টারের একটি বেসরকারী হোটেলে শিল্পপতি ও উদ্যোগপতিদের নিয়ে আরও এক দফা বৈঠক করলেন শিল্পমন্ত্রী তাপস রায় ও পূর্তমন্ত্রী অজয় পোদ্দার। এখানে ইন্ডাস্ট্রিয়াল বিজনেস মিটে শিল্প, বাণিজ্য, বিনিয়োগ ও শিল্পোন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এই ইন্ডাস্ট্রি বিজনেস মিটে পালাবদলের পর প্রথমবার এই এলাকার শিল্পপতিরা সরাসরি সরকারের মন্ত্রীদের সঙ্গে একান্তে মত বিনিময়ের সুযোগ পেয়েছেন, তুলে ধরেছেন তাঁদের মূল্যবান পরামর্শ ও অভিজ্ঞতা। দুর্গাপুরের বন্ধ থাকা শিল্পগুলিকে কিভাবে ফের সক্রিয় করা যায় সেবিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে শিল্পমন্ত্রী জানান।এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারের শিল্পমন্ত্রী তাপস রায় ও অজয় পোদ্দার ছাড়াও শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, প্রিন্সিপল সেক্রেটারি বন্দনা যাদব, রানীগঞ্জ ইন্ডাস্ট্রিজ এন্ড ট্রেড অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আর. পি. চৌধুরী এবং সাউথ বেঙ্গল ফেডারেশন অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস দুর্গাপুর এর প্রেসিডেন্ট রাকেশ ভট্টড় সহ শিল্পজগতের বিশিষ্ট প্রতিনিধি, প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন।














