বিবাহ উপলক্ষ্যে পরিবারের উদ্যোগে দুর্গাপুরে রক্তদান শিবির

0
62

ডেটলাইন দুর্গাপুর,৩০মার্চঃ গ্রীষ্মকালীন সময়ে রক্তের সংকট নিরসন এবং পরিবারভিত্তিক রক্তদান শিবির বৃদ্ধির লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি-র সহ-সভাপতি,বিশিষ্ট আইনজীবী আয়ূব আনসারী ও সমাজকর্মী রেহেনা খাতুন-এর তত্ত্বাবধানে তাঁদের পুত্র ডা: রৌওশান জামির আনসারী ও ডাক্তারি পড়ুয়া সঞ্জিদাহ আফরিন-এর বিবাহ উপলক্ষে আনসারী পরিবারের উদ্যোগে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মুচিপাড়া সংলগ্ন মৃত্যুঞ্জয় হাউসিং কমপ্লেক্সে নিজ গৃহ প্রাঙ্গণে ভ্রাম্যমাণ রক্তযানের মাধ্যমে আয়োজিত এই শিবিরে বিপুল উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। মোট ৩৭ জন রক্তদাতা, যার মধ্যে ৫ জন মহিলা, স্বেচ্ছায় রক্তদান করেন। আনসারী পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব, প্রতিবেশী এবং আইটিআই দুর্গাপুরের ছাত্রছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ক্রীড়াবিদ কাব্য ঘোষ রক্তদান করেন এবং আয়ূব আনসারী নিজে তাঁর ৬০ তম রক্তদান করেন। উল্লেখ্য, “১৮-তে ভোটাধিকার,১৮-তেই রক্তদান” এই আহ্বানে সাড়া দিয়ে ১১ জন নতুন রক্তদাতা প্রথমবার রক্তদান করেন। শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটির রাজ্য সম্পাদক কবি ঘোষ। উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টারের ইনচার্জ ডা. করবী কুন্ডু এবং রক্তদান আন্দোলনের বিশিষ্ট নেতৃত্ব মধুসূদন ঘটক, সৌমেন চক্রবর্তী, জ্ঞান রঞ্জন কোনার, নির্মল নাথ, সুদীপ দাস, মৃত্যুঞ্জয় সামন্ত, রঞ্জন ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের স্বেচ্ছাসেবীরা শিবির পরিচালনায় সাহায্য করেছেন। প্রত্যেক রক্তদাতাকে শংসাপত্র ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here