ডিটলাইন দুর্গাপুর: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ গাঁজা-সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কোক ওভেন থানার পুলিশ। সোমবার সন্ধ্যায় দুর্গাপুরের রায়ডাঙ্গা এলাকায় একটি বাড়িতে হানা দিয়ে এম ডি মকসুদ নামে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে তাঁর বাড়ি থেকে উদ্ধার হয় ২ কেজি ১০০ গ্রাম নিষিদ্ধ গাঁজা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি বাইরে থেকে গাঁজা সংগ্রহ করে বাড়িতে মজুত রাখতেন। পরবর্তীতে সেই গাঁজা বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলেও অভিযোগ। মঙ্গলবার ধৃতকে আসানসোল মহকুমা আদালতে পেশ করা হলে আদালত তাঁর জামিনের আবেদন নাকচ করে দেয়। এই ঘটনার পিছনে কোনও বড় মাদক পাচার চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই কারবারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সে বিষয়েও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। কোথা থেকে তিনি নিষিদ্ধ মাদক সংগ্রহ করতেন এবং কার কার কাছে তা সরবরাহ করতেন, সেই বিষয়গুলিও তদন্ত করে দেখছেন তদন্তকারীরা। রায়ডাঙ্গা এলাকায় মাদক কারবারের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত অব্যাহত রেখেছে কোক ওভেন থানার পুলিশ।














