ডেটলাইন আসানসোল,৩০ অক্টোবরঃ রাজ্যে পালা বদলের পর এবারই প্রথম দুর্গাপুজো অনুষ্ঠিত হল। রাজ্য সরকারের তরফে এবার পুজো নিয়ে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সরকারী নিয়ম মেনে অবশেষে প্রশাসনের সহযোগিতায় পশ্চিম বর্ধমান জেলায় দুর্গাপুজো ভালোভাবেই কেটেছে। এবার বিসর্জনের ক্ষেত্রেও সরকারের নির্দেশে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল।

রাজ্যের প্রথম বিজেপি সরকারের তরফে এবার বিভিন্ন বিভাগে সেরা পুজোগুলির জন্য ‘দেবী দুর্গা সম্মান-২০২৬’ প্রদানের ব্যবস্থা করা হয়েছে। জেলা স্তরে এই পুরস্কার দেওয়া শুরু হয়েছে। শুক্রবার আসানসোল জেলা শাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানে মোট চারটি বিভাগে তিনটি করে মোট ১২টি পুজো কমিটিকে এই সম্মান দেওয়া হল। মোট চারটি বিভাগে জেলার ১২টি পুজো কমিটিকে এই সম্মান প্রদান করা হয়েছে। ‘সেরা পুজো’ বিভাগে পুরস্কৃত হয়েছে দুর্গাপুরের ক্ষুদিরাম মাঠ সর্বজনীন, আসানসোলের রাধানগর রোড অ্যাথলেটিক ক্লাব এবং দুর্গাপুরের মার্কণী দক্ষিণপল্লি সার্বজনীন দুর্গাপুজো কমিটি। ‘সেরা প্রতিমা’ বিভাগে সম্মানিত হয়েছে দুর্গাপুরের চতুরঙ্গ ও ফুলঝোড় সার্বজনীন এবং আসানসোলের গান্ধীনগর দুর্গাপুজো কমিটি।

‘সেরা মণ্ডপ’ বিভাগে দুর্গাপুরের অগ্রণী ও শংকরপুর সার্বজনীন এবং আসানসোলের রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি। ‘সেরা সমাজ সচেতনতা’ বিভাগে পুরস্কার পেয়েছে আসানসোলের রামবাঁধ সার্বজনীন, ধেমোমেন দুর্গাপুজো কমিটি এবং খোট্টাডিহি সার্বজনীন দুর্গাপুজো কমিটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী ডাঃ অজয় পোদ্দার,পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল,দুর্গাপুরের দুই বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই ও চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, অরিজিৎ রায়, জেলা শাসক এস পুন্নমবলম সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।














