নাগরিক পরিষেবায় বিধায়কের ডিজিটাল উদ্যোগ,দুর্গাপুরে এক নতুন যুগের সূচনা

0
52

ডেটলাইন দুর্গাপুরঃ বর্তমান যুগ টা হল ডিজিটাল যুগ। খাবার থেকে পোষাক বা পছন্দের কোনো জিনিস কিনতে আর সরাসরি বাজারে যেতে হয় না।এমনকি,নিজের গাড়ি না থাকলেও ভাড়ার গাড়িতে সহজেই গন্তব্যে যাওয়া যায়। নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে এখন এসবই সহজে পাওয়া যায়। সরকারীভাবেও বিভিন্ন ধরনের সরকারী কাজও এখন নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে হচ্ছে। সোজা কথায় সব কিছুই এখন অ্যাপ নির্ভর। এবার সেই পথেই হাঁটলেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। বিধায়কের সঙ্গে সাধারন মানুষের সরাসরি ডিজিটাল সম্পর্কের লক্ষ্যে চালু করলেন নতুন একটি অ্যাপ।

‘আমার দুর্গাপুর পূর্ব’ এই শিরোনামে উল্লিখিত অ্যাপের নাম দুর্গাপুর পূর্ব ডট ইন। দুর্গাপুর পূর্ব বিধানসভা এলাকার যে কোনো সমস্যা জানানোর জন্য এখন আর বিধায়কের কার্যালয়ে যাওয়ার দরকার নেই। এই অ্যাপের মাধ্যমেই তা জানিয়ে দেওয়া যাবে। পানীয় জলের সমস্যা হোক বা বিদ্যুতের,এমনকি রাস্তাঘাট বা নিকাশী সমস্যার অভিযোগ সবই এই অ্যাপের মাধ্যমে জানানো যাবে। এমনকি কোনো বিশেষ অনুষ্ঠানে বিধায়ককে নিমন্ত্রনও করা যাবে এই ডিজিটাল ফ্ল্যাটফর্মে। কেন এই উদ্যোগ? বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, “এখন সব কিছুই ডিজিটাল। অনেক মানুষ আছেন যারা তাদের সমস্যা নিয়ে সরাসরি আমার কাছে আসতে পারেন না।

আমিও বিভিন্ন কারনে ব্যস্ত থাকি। কিন্তু,এই ডিজিটাল ফ্ল্যাটফর্মে মানুষের যে কোনো সমস্যা ও আবেদন সবই সহজেই জেনে নেওয়া যাবে। তাতে নাগরিক পরিষেবার কাজ করতেও অনেক সুবিধা হবে”। বিধায়কের এই ডিজিটাল উদ্যোগ নিঃসন্দেহে দুর্গাপুরে এক নতুন যুগের সূচনা করল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here