দুর্গাপুজোর আগেই পথচলা শুরু করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’

0
46

ডেটলাইন আসানসোল,২৪ আগস্টঃ পথেঘাটে,স্কুল কলেজের সামনে,ফাঁকা অলিগলিতে অথবা বাসস্ট্যান্ডের মতো ভীড় এলাকায় নারীদের সুরক্ষার দিকে লক্ষ্য রেখে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ এবার পথচলা শুরু করল। সোমবার আসানসোল পুলিশ লাইনে শরৎ মঞ্চে সবুজ পতাকা দেখিয়ে এই বিশেষ বাহিনীর সূচনা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার ডঃ প্রণব কুমার, পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পুন্নমবলম,আসানসোল কর্পোরেশনের কমিশনার দিলীপ মিশ্র সহ পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। এই অনুষ্ঠানে পরিস্কার ও পরিচ্ছন্নতার দিক থেকে আদর্শ হিসেবে অন্ডাল,জামুরিয়া এবং পান্ডেবেশ্বর থানাকে পুরস্কার ও শংসাপত্র দেওয়া হয়। থানা আধিকারিকদের হাতে এই পুরস্কার তুলে দেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রী জানান,রাস্তাঘাটে মহিলারা বিপদে পড়লে এই দূর্গা বাহিনীর মহিলা পুলিশ তাদের সুরক্ষায় ছুটে যাবেন। দশটি বাইক ও স্কুটি করে এই বাহিনী শহরের বিভিন্ন এলাকায় টহল দেবে। শ্লীলতাহানি বা ইভটিজিংয়ের ঘটনার খবর এলেই সেখানে ছুটে যাবে এই বাহিনী। মূলত নারী নিরাপত্তার জন্যই এই বাহিনী কাজ করবে বলে জানিয়েছেন মন্ত্রী। এই মহিলা পুলিশকর্মীদের কাছে আগ্নেয়াস্ত্রও থাকবে। এই বাহিনীর সাহায্য পেতে গেলে ডায়াল করতে হবে ১০০ এবং ১১২ ফোন নম্বরে। মন্ত্রী আরও জানিয়েছেন,আসানসোল পুলিশ লাইন থেকে এই দুর্গা বাহিনীর যাত্রা শুরু হল। এরপর দুর্গাপুরেও একইভাবে ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ চালু করা হবে। অগ্নিমিত্রা পাল বলেন,“আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকেই বলে দিয়েছেন,মহিলাদের সুরক্ষা নিয়ে আমাদের সরকার জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করে। প্রত্যেকটি থানায় মহিলা ডেস্কের পাশাপাশি প্রত্যেকটি মহকুমায় মহিলা থানা থাকবে। মহালয়ার দিন উইমেনস হেল্প লাইনও নম্বর চালু করবেন মুখ্যমন্ত্রী”।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here