রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে অভিনব মিছিল তৃণমূলের

0
85

ডেটলাইন দুর্গাপুর,৭ মার্চঃ পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির কারনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকায় তার প্রভাবে ভারতে জ্বালানির দাম বৃদ্ধির আশঙ্কা তৈরী হয়েছিল। যদিও কেন্দ্রীয় সরকারের তরফে সাধারন মানুষের উপর চাপ না বাড়ানোর আশ্বাস ছিল। কিন্তু বাস্তবে দেখা গেল জ্বালানি গ্যাসের দাম বেড়েই গেল। শুক্রবার রাতেই রান্নার গ্যাস সিলিন্ডার ৬০ টাকা বাড়ানোর কথা ঘোষণা করে রাষ্ট্রায়ত্ব তেল সংস্থাগুলি। একই সঙ্গে বাণিজ্যিক গ্যাসের দামও বাড়ানো হয়েছে ১১৪ টাকা ৫০ পয়সা। দেখা যাচ্ছে একই সঙ্গে গৃহস্থের রান্নাঘরে এবং হোটেল রেস্তোরাগুলিতেও চাপ বাড়ল। শনিবার সকাল থেকেই এই বর্ধিত দাম কার্যকরী হয়েছে। গ্যাসের মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। তাদের অভিযোগ, আশ্বাস দেওয়ার পর রাতারাতি গ্যাসের দাম বাড়িয়ে সাধারন মানুষকে বিপদে ফেলে দিল কেন্দ্রীয় সরকার। তারই প্রতিবাদে শনিবার দুর্গাপুর পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডে একটি মিছিল করে তৃণমূল। রান্নার গ্যাসের সিলিন্ডার,হাঁড়ি কড়াই নিয়ে মিছিলে হাঁটেন বহু মহিলা। রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির সঙ্গে তারা এসআইআর নিয়েও প্রতিবাদ করেন। পশ্চিম বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মিছিলটি পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের লেনিন সরনী পরিক্রমা করে এসবিএসটিসি রোটারিতে গিয়ে শেষ হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন প্রাক্তন কাউন্সিলার তৃণমূল নেত্রী প্রিয়াঙ্কি পাঁজা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here