দুর্গাপুর মহকুমা হাসপাতালে ‘মা ক্যান্টিন’এর শেড উদ্বোধন

0
54

ডেটলাইন দুর্গাপুরঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের অনেক এলাকায় গরীব ও সাধারন মানুষদের জন্য নামমাত্র টাকার বিনিময়ে দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘মা ক্যান্টিন’। এখানে মাত্র ৫ টাকায় ডিমভাত পাওয়া যায়। অন্যান্য জায়গার সঙ্গে দুর্গাপুরেও এই পরিষেবা চালু রয়েছে। যার অন্যতম এলাকা হল বিধাননগরে দুর্গাপুর মহকুমা হাসপাতাল। সরকারী এই হাসপাতালে দুর্গাপুর ছাড়াও পার্শ্ববর্তী এলাকাগুলি থেকে প্রতিদিন কয়েক হাজার রোগী তাদের চিকিৎসার জন্য এখানে আসেন। তাদের সঙ্গে থাকা বাড়ির লোকজনদের দীর্ঘসময় থাকতে হয় হাসপাতালে। মূলত সেই সব সাধারন মানুষরা যাতে একদম কম খরচে দুপুরের খাবার খেতে পারে,সেই লক্ষ্যেই হাসপাতাল চত্বরে চালু করা হয়েছে ‘মা ক্যান্টিন’। শুক্রবার সেই মা ক্যান্টিনে খাবার খেতে আসা রোগীর পরিজনদের সুবিধার জন্য একটি শেডের উদ্বোধন করা হয়।

একটি বেসরকারী সংস্থার সহযোগিতায় এবং রোগী কল্যাণ সমিতির উদ্যোগে এই শেডের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ হাসপাতালের অন্যান্য আধিকারিকরা। মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, ‘মা ক্যান্টিন’ চালু হওয়ার ফলে হাসপাতালে আসা রোগী ও তাঁদের আত্মীয়দের বিশেষ সুবিধা হয়। মাত্র পাঁচ টাকার বিনিময়ে এখানে পেট ভরে ডিম-ভাত খাওয়ার ব্যবস্থা রয়েছে। তিনি আরও বলেন, অনেক সময় দূরদূরান্ত থেকে চিকিৎসার জন্য হাসপাতালে আসা মানুষদের খাবারের সমস্যা হয়। তাদের ক্ষেত্রে এই ক্যান্টিন বিশেষ উপকারে আসবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here