দুর্গাপুরে সারাদিনের ব্যস্ত সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

0
37

ডেটলাইন দুর্গাপুর,২৭ নভেম্বরঃ মুখ্যমন্ত্রী হওয়ার পর বিগত ছ’মাসের মধ্যে তিনি একাধিকবার দুর্গাপুরে এসেছেন। তবে,এবারের মতো প্রায় সারাদিন ধরে একসঙ্গে একাধিক কর্মসূচীতে আগে কখনও অংশ নেননি। তাই স্বাভাবিকভাবেই শুক্রবার সারা দিন শহর জুড়ে যেমন ছিল প্রশাসনিক ব্যস্ততা তেমনই মুখ্যমন্ত্রীর এই আগমন ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ছিল উচ্ছ্বাস উদ্দীপনা। এদিন অন্ডাল বিমান বন্দরে নেমেই তিনি এই এলাকায় একটি বেসরকারী ক্যানসার হাসপাতালের ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে যোগ দেন। ৫০০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করার অনুষ্ঠানে রাজ্যের মানুষের জন্য চিকিৎসা পরিষেবা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি জানান,রাজ্যে আরও চারটি মেডিকেল কলেজ করা হবে। তার জন্য অর্থও বরাদ্দ করা হয়েছে। সেই সঙ্গে প্রতিটি হাসপাতালে থাকবে হার্টের চিকিৎসা ব্যবস্থা। এছাড়া ক্যানসার সহ দূরারোগ্য রোগের দামি ওষুধ সাধারন মানুষ যাতে সস্তায় কিনতে পারে তারজন্য রাজ্যের বিভিন্ন হাসপাতালে খোলা হবে অমৃত মেডিসিন সেন্টার।

তিনি রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নত করারও প্রতিশ্রুতি দিয়ে বলেছেন বাংলার মানুষকে বাইরে যেতে হবে না,এখানেই পাবেন সেরা চিকিৎসা। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যের সাড়ে ৮ কোটি মানুষকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে সাড়ে ৬ কোটি আয়ুষ্মান ভারতের আওতায়। বাকি যারা এই স্কিমের মধ্যে আসছেন না,তাঁদের জন্য মুখ্যমন্ত্রী হেলথ স্কিম।” এছাড়াও তিনি জানান,আগের সরকার তিনবেলার খাবারে ৫৬ টাকা ৪০ পয়সা দিত। আমরা দায়িত্বে এসেই সেটা বাড়িয়ে ১১০ টাকা করেছি। এই অনুষ্ঠানের পর দুর্গাপুরের সৃজনী হলে তিনি প্রশাসনের বিভিন্ন বিভাগীয় আধিকারিক ও দলের বিধায়কদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন। বৈঠকের পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানান, এদিনের বৈঠকে মূলত এই জেলার উন্নয়ন নিয়ে কথা হয়েছে। কোথায় কি সমস্যা ও আগামী দিনে কি করা যায়,সেবিষয়ে আলোচনা হয়েছে।

এরপর তিনি জানান,দুর্গাপুর ও আসানসোলের মাঝে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরী করা হবে। এই প্রকল্পের জন্য উমফান তহবিল থেকে এক হাজার কোটি টাকা দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জমি চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছে জেলা শাসককে। একই সঙ্গে নতুন হাসপাতাল তৈরি হতে সময় লাগলেও, চলমান একটি হাসপাতাল রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হলে তিন থেকে চার মাসের মধ্যে সেখানে এমআরআই,আইসিইউ এবং ব্লাড ব্যাঙ্ক চালু করে মার্চ মাসের মধ্যেই পরিষেবা শুরু করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। তারজন্য ইসিএলের কাল্লা হাসপাতালটি চেয়েছে রাজ্য।

ইসিএলের ধস কবলিত এলাকার পরিবারগুলির পুনর্বাসনের জন্য যে ফ্ল্যাট তৈরি করা হয়েছে তার পরিকাঠামো তাঁর অভিযোগ, তৈরি হওয়া ফ্ল্যাটগুলি বসবাসের উপযোগী নয়। বিষয়টি খতিয়ে দেখতে প্ল্যানার ও ঠিকাদারের বিরুদ্ধে ফ্যাক্ট ফাইন্ডিংয়ের নির্দেশ দেওয়ার কথা জানিয়েছেন তিনি। প্রয়োজন হলে তাঁদের বিরুদ্ধে এফআইআর করার কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। এছাড়াও ক্ষতিগ্রস্তদের দু’ থেকে আড়াই কাঠা জমি এবং ১০ লক্ষ টাকা ক্ষতি পূরণের বিষয়টিও তিনি ইসিএলকে জানিয়েছেন। পাশাপাশি, দুর্গাপুর ও আসানসোলের পাঁচটি আইটিআই প্রতিষ্ঠান পিএম-সেতু প্রকল্পের আওতায় আসায় দক্ষতা প্রশিক্ষণ ও ক্যাম্পাসিংয়ের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।

এদিনই দুর্গাপুর পুরসভার কাছে ৩০ ফুট উচ্চতার একটা বজরংবলীর মূর্তিরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন হিরণ্ময় মহারাজ,বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ও প্রশাসনিক আধিকারিকরা। এই ঠাসা কর্মসূচীর মধ্যেই তিনি উপস্থিত হল বিধায়ক লক্ষণ ঘোরুইয়ের বাড়িতে। দিন কয়েক আগে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বিধায়ক লক্ষণ ঘোরুই এর কন্যা সুস্মিতা পাত্র। বিধায়কের নাতিকে কোলে নিয়ে আশীর্বাদ করেন মুখ্যমন্ত্রী।

এদিনের কর্মসূচীর শেষ দিকে তিনি হাজির হন ভিড়িঙ্গী কালীবাড়িতে। সেখানে কালী মাকে দর্শন করেন এবং মন্দিরের পুরোহিত ও অন্যান্যদের সঙ্গে কিছুটা সময় কাটান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here