ডিটলাইন দুর্গাপুর: উৎসব মানেই শুধু নিজের আনন্দ নয়, সেই আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্যেই রয়েছে উৎসবের প্রকৃত সার্থকতা। আর সেই মানবিকতার বার্তাই তুলে ধরলেন রায়ডাঙ্গার সমাজসেবী সোনু শুক্লা।

ছটপুজো উপলক্ষে ‘নহায়-খায়’ পর্বের আগে এলাকার মানুষের হাতে নিজের জমিতে যত্ন করে চাষ করা লাউ তুলে দিলেন তিনি। ছটপুজোর অন্যতম গুরুত্বপূর্ণ এই পর্বে লাউ দিয়ে নিরামিষ আহার প্রস্তুত করার বিশেষ রীতি রয়েছে। সেই কথা মাথায় রেখেই তাঁর এই উদ্যোগ। উল্লেখ্য, চার দিনব্যাপী ছটপুজোর সূচনা হয় ‘নহায়-খায়’ পর্বের মধ্য দিয়ে। এই দিনে ব্রতীরা স্নান করে শুদ্ধাচার ও নিষ্ঠার সঙ্গে পুজোর প্রস্তুতি শুরু করেন। নিরামিষ আহারের মাধ্যমে শুরু হয় ব্রত পালনের প্রথম দিন। এই পর্বে লাউয়ের একটি বিশেষ গুরুত্ব রয়েছে।

নিজের হাতে ফলানো ফসল এলাকার মানুষের মধ্যে বিলিয়ে দিয়ে সোনু শুক্লা বুঝিয়ে দিলেন, সমাজসেবা মানেই সবসময় বড় কোনও আয়োজন নয়। নিজের সামর্থ্য ও আন্তরিকতা দিয়েও মানুষের পাশে দাঁড়ানো যায়। তাঁর এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারাও। উৎসবের আবহে এমন ছোট ছোট মানবিক উদ্যোগই সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক ভালোবাসার বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।














