ডেটলাইন দুর্গাপুর: আইনশৃঙ্খলা রক্ষার গুরুদায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার নজির গড়ে তুলল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত কোক ওভেন থানা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্যের বিভিন্ন থানায় কালীপুজোকে কেন্দ্র করে বিশেষ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই উদ্যোগকে সামনে রেখেই দুর্গাপুরের কোক ওভেন থানার প্রাঙ্গণে এবার তৈরি হয়েছে উৎসবের আবহ। পুজোকে কেন্দ্র করে শুধু ধর্মীয় আয়োজনেই সীমাবদ্ধ থাকেনি থানা কর্তৃপক্ষ, বরং সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও নিবিড় করার উদ্যোগ নেওয়া হয়েছে। থানার উদ্যোগে আয়োজিত এই কালীপুজো উপলক্ষে ছিল অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজোর আনন্দে শামিল হন বিশিষ্ট অতিথিরা, পুলিশ আধিকারিক ও কর্মীরা এবং তাঁদের পরিবারের সদস্যরা। এদিন পুজোর ভোগপ্রসাদ বিতরণকে কেন্দ্র করেও ছিল বিশেষ আয়োজন। তবে এই আয়োজনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল সমাজের প্রান্তিক ও অসহায় মানুষদের কথা ভাবা। এলাকার সমাজসেবী সংগঠন প্রেরণা ওয়েলফেয়ার সোসাইটি দীর্ঘদিন ধরেই এলাকার ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন অসহায় মানুষদের, যাঁদের সংগঠনের সদস্যরা ভালোবেসে ‘প্রভুজি’ বলে সম্বোধন করেন, প্রতিদিন খাবারের ব্যবস্থা করে আসছে। কালীপুজোর আনন্দ যাতে তাঁদের কাছেও পৌঁছে যায়, সেই ভাবনা থেকেই এদিন তাঁদের হাতেও তুলে দেওয়া হয় পুজোর ভোগপ্রসাদ। উৎসবের আনন্দ থেকে সমাজের কোনও মানুষ যেন বঞ্চিত না হন, সেই মানবিক বার্তাই উঠে আসে এই উদ্যোগে। সমগ্র আয়োজনের মধ্যে দিয়ে কোক ওভেন থানার ওসি অঞ্জন মণ্ডলের নেতৃত্ব ও উদ্যোগ বিশেষভাবে প্রশংসার দাবি রাখে।

পুলিশের পরিচিত দায়িত্বের গণ্ডি পেরিয়ে সাধারণ মানুষের সুখ-দুঃখের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং উৎসবের আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়। পুলিশের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব কমিয়ে মানবিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রেও এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সব মিলিয়ে কোক ওভেন থানার এই কালীপুজো হয়ে উঠল শুধুমাত্র ধর্মীয় উৎসবের আয়োজন নয়, বরং সম্প্রীতি, সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার এক সুন্দর দৃষ্টান্ত।














