কোক ওভেন থানার তৎপরতায় উদ্ধার বৃদ্ধার চুরি যাওয়া সম্বল, পুলিশের ভূয়সী প্রশংসা

0
130

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: পুলিশের তৎপরতা ও দক্ষ তদন্তে চুরি যাওয়া জমানো কিছু অর্থ, মোবাইল ফোন, চশমা-সহ সমস্ত মূল্যবান সামগ্রী ফিরে পেলেন এক অসহায় বৃদ্ধা। কোক ওভেন থানার এই দ্রুত পদক্ষেপে শুধু বৃদ্ধার মুখেই হাসি ফেরেনি, পুলিশের ভূমিকায় প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এলাকাবাসীও। জানা গিয়েছে, ওই মহিলার দুর্গাপুর বাজারে একটি দোকান রয়েছে। কয়েকদিন আগে তার সেই দোকান থেকে তার একটি ব্যাগ চুরি হয়ে যায়। ওই ব্যাগে তার জমানো কিছু অর্থ, মোবাইল ফোন, বাড়ী ও দোকানের চাবি, ব্যবহৃত চশমা-সহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী ছিল। জীবনের শেষ সম্বল হারিয়ে কার্যত ভেঙে পড়েন ওই বৃদ্ধা।

এরপর তিনি আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীন কোক ওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই কোক ওভেন থানার আধিকারিক বিজয় দলপতি-র নির্দেশে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। তদন্তের দায়িত্ব পান এএসআই মুকুল মণ্ডল সিসিটিভি ফুটেজ, গোপন সূত্র ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে শুরু হয় তদন্ত। তদন্তে পুলিশ জানতে পারে, বিহারের বাসিন্দা দুই ভাই বিট্টু সোনি ও সুরজ সোনি, যারা ওয়ারিয়া ফাড়ি এলাকার গোপাল মাঠ এলাকায় ভাড়া থাকত, তারাই এই চুরির ঘটনার সঙ্গে জড়িত। তদন্তে আরও জানা যায়, ওই দিন দুর্গাপুর বাজারে ওই বৃদ্ধার ব্যাগ ছাড়াও আরও কয়েকজনের থেকে মোট ৫টি মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরবর্তীতে কোক ওভেন থানার পুলিশ অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। তাদের দুর্গাপুর আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার হওয়া বৃদ্ধার ব্যাগ, মোবাইল ফোন, চশমা-সহ সমস্ত জিনিস খুব শীঘ্রই প্রকৃত মালিকদের হাতে তুলে দেবে পুলিশ।

পুলিশের এই সাফল্যে দীর্ঘশ্বাসের বদলে স্বস্তির হাসি ফুটে উঠেছে বৃদ্ধার মুখে। নিজের হারিয়ে যাওয়া সম্বল ফিরে পেতে চলেছেন জেনে তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর কথায়, “এই জিনিসগুলোই ছিল আমার জীবনের শেষ সম্বল। পুলিশ এত দ্রুত উদ্ধার করে দেবে, তা ভাবতেই পারিনি।” কোক ওভেন থানার এই দ্রুত, দক্ষ ও মানবিক ভূমিকার প্রশংসা করেছেন এলাকার সাধারণ মানুষও। তাদের মতে, অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি সাধারণ মানুষের হারিয়ে যাওয়া বিশ্বাস ফিরিয়ে আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পুলিশ। এই সফল অভিযানের মাধ্যমে আবারও জনসেবায় পুলিশের দায়িত্ববোধ ও পেশাদারিত্বের উজ্জ্বল নজির তৈরি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here