সাংসদ মনোজ তিওয়ারির পা ছুঁয়ে প্রণাম বিধায়ক চন্দ্রশেখরের! ‘যত নত, তত উন্নত’ বার্তায় মুগ্ধ অতিথিরা

0
44

ডেটলাইন দুর্গাপুর: বাংলায় জগদ্ধাত্রী পুজোর কথা উঠলেই প্রথমেই মনে আসে চন্দননগরের নাম। তবে সময়ের সঙ্গে তাল মিলিয়ে রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি শিল্পনগরী দুর্গাপুরেও ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে জগদ্ধাত্রী পুজো। শহরের বিভিন্ন প্রান্তে একাধিক পুজোকে ঘিরে বাড়ছে উৎসাহ ও উদ্দীপনা। তারই অন্যতম এসবি মোড়ের ‘স্বপ্ন উড়ান’-এর জগদ্ধাত্রী পুজো। বিগত বছরগুলির ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হল এই পুজোর।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ তথা জনপ্রিয় ভোজপুরি গায়ক মনোজ তিওয়ারি, রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, জেলাশাসক এস পুন্নমবলম, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার ড. প্রণব কুমার, দুর্গাপুর পুরসভার কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম-সহ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। তবে এ দিনের অনুষ্ঠানে সবচেয়ে বেশি নজর কাড়ে এক বিশেষ মুহূর্ত। অনুষ্ঠানে সাংসদ মনোজ তিওয়ারিকে স্বাগত জানাতে গিয়ে পুজোর মূল উদ্যোক্তা তথা দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় তাঁর পা ছুঁয়ে প্রণাম করেন। বিধায়কের এই আচরণে রীতিমতো আপ্লুত হয়ে পড়েন মনোজ তিওয়ারি। বড়দের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের এই বাঙালি সংস্কৃতির প্রশংসা করে তিনি বলেন, ‘যত নত, তত উন্নত।’ বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের এই বিনয়ী আচরণ উপস্থিত অতিথি ও দর্শকদের মধ্যেও বিশেষভাবে নজর কাড়ে।

রাজনৈতিক পরিচয় কিংবা পদমর্যাদার ঊর্ধ্বে উঠে বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা জানানোর এই দৃশ্য প্রশংসা কুড়িয়েছে উপস্থিত সকলের। জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনী অনুষ্ঠান তাই শুধু উৎসবের সূচনাতেই সীমাবদ্ধ থাকল না, বরং শ্রদ্ধা, সৌজন্য ও সংস্কৃতির এক সুন্দর বার্তাও ছড়িয়ে দিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here