ডেটলাইন বাংলা প্রতিবেদনঃ ছট বা ছঠ বিহার এবং পূর্ব উত্তর প্রদেশে পালিত একটি প্রধান হিন্দু উৎসব। প্রায় সকল সভ্যতাই ‘সূর্যদেবতা’-র উপাসনা করেছে,কিন্তু বিহারে এর একটি অনন্য রূপ রয়েছে। ছট পূজাই একমাত্র উৎসব যেখানে উদীয়মান সূর্যের পাশাপাশি অস্তগামী সূর্যেরও পূজা করা হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে,কার্তিক মাসের ষষ্ঠ দিনে ছট পূজা পালিত হয়।

ছট পূজা,যা সূর্য ষষ্ঠী নামেও পরিচিত,একটি স্নান উৎসব যার পরে চার দিনের সংযম ও আনুষ্ঠানিক পবিত্রতার সময়কাল অতিবাহিত হয়। ছঠ পূজা একটি চার দিনব্যাপী কঠোর ও আধ্যাত্মিক উৎসব। ছঠ পূজার প্রথম দিনে পবিত্র নদী বা যে কোনো জলাশয়ে স্নান করা হয়। বিশেষ নৈবেদ্য ও আচার-অনুষ্ঠান পালনের জন্য ভক্তরা গঙ্গার জল নিজেদের বাড়িতেও নিয়ে যান। এই দিনে ঘরবাড়ি ভালোভাবে পরিষ্কার করা হয়। ছঠের দ্বিতীয় দিন,যা খর্ণা নামেও পরিচিত,সেই দিনে ভক্তরা দিনব্যাপী উপবাস পালন করেন,যা সন্ধ্যার শেষে ধরিত্রী মাতার পূজা করার পর ভঙ্গ করা হয়।

দেবতাকে নিবেদন করা নৈবেদ্যর মধ্যে থাকে পায়েস (ক্ষীর) এবং ফল,যা পরিবারের সদস্য ও বন্ধুদের মধ্যে বিতরণ করা হয়। ছঠের তৃতীয় দিনটি সান্ধ্য নৈবেদ্যর জন্য প্রসাদ (উপহার) প্রস্তুত করতে ব্যয় হয়,যা সঞ্জিয়া অর্ঘ্য নামেও পরিচিত। সন্ধ্যায়,বহু ভক্ত নদীর তীরে সমবেত হন এবং অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করেন। বিহারের সংস্কৃতি ও ইতিহাস তুলে ধরে লোক সংগীত পরিবেশিত হয়। তৃতীয় দিনের রাতে ‘কোসি’ নামে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আখের কাঠি দিয়ে একটি শামিয়ানা তৈরি করা হয় এবং তার ভেতরে প্রসাদ ভর্তি ঝুড়িসহ প্রজ্জ্বলিত মাটির প্রদীপ রাখা হয়। ছঠ পূজার চতুর্থ ও শেষ দিনে,পরিবারের সদস্য ও বন্ধুরা সূর্যোদয়ের আগে নদীর তীরে গিয়ে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করেন। এই অনুষ্ঠানের পর,ভক্তরা উপবাস ভঙ্গ করেন এবং প্রতিবেশী ও আত্মীয়দের মধ্যে প্রসাদ বিতরণ করেন।














