ডেটলাইন দুর্গাপুর,২৫ মার্চঃ ২০২৬ এর বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে দলের প্রচারে জেলা সফরে বেরিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার উত্তরবঙ্গ থেকে তাঁর প্রচারের সূচনা হয়ে গেছে। এরপরই তিনি আসছেন দক্ষিণবঙ্গে। যা শুরু হচ্ছে বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলা দিয়ে। ২৬ মার্চ, বৃহস্পতিবার, তিনি পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নরেন চক্রবর্তীর সমর্থনে জনসভা করবেন লাউদোহায়। যার চূড়ান্ত প্রস্তুতি চলছে পুরোদমে। দুপুরের দিকে এই সভা হওয়ার কথা। লাউদোহার সভার পরেই মমতা বীরভূমের দুবরাজপুরে জনসভা করবেন। এর পর বাঁকুড়া,পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রচারাভিযান চালাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। মমতার সভার জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহার ফুটবল ময়দান এবং পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করেন প্রশাসনিক কর্তারা।

সভাস্থলের প্রস্তুতির খুঁটিনাটির তদারকি করেন প্রশাসন ও তৃণমূলের নেতা কর্মীরা। নিরাপত্তা ব্যবস্থার জোরদার করতে জায়গায় জায়গায় রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর দল। সভাস্থলের পাশেই তৈরি করা হয়েছে অস্থায়ী হেলিপ্যাড।














